রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারের বিশেষ বরাদ্দ ১০ লাখ টাকা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাউনিয়ার ট্যাপার ব্রিজ এলাকায় জনসাধারণের সামনে তিনি বরাদ্দের বিস্তারিত হিসাব তুলে ধরেন।
তিনি বলেন, ১০ লাখ টাকা শুনতে বড় অঙ্কের মনে হলেও এলাকার বিপুল সংখ্যক মানুষের তুলনায় তা খুবই সীমিত। এক হাজার টাকা করে সহায়তা দিলে মাত্র এক হাজার মানুষকে সহায়তা দেওয়া সম্ভব, অথচ তার নির্বাচনী এলাকায় ১৪০টি ওয়ার্ড রয়েছে। ফলে প্রতিটি ওয়ার্ডে মাত্র পাঁচ থেকে ছয়জন উপকারভোগী সহায়তা পেয়েছেন। তিনি আশ্বাস দেন, যারা এবার বাদ পড়েছেন, পরবর্তী বরাদ্দে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আখতার হোসেন আরও বলেন, তিনি পাঁচ বছরের জন্য জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং ধীরে ধীরে সবার পাশে থাকার চেষ্টা করবেন। সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই জনগণের সামনে হিসাব প্রকাশ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।