সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার শরিফুল ইসলাম বুলেন এবং রংপুরের কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সোহেল রানা সুমন।
দুই মামলাতেই প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। মামলা দুটি একই আদালতে বিচারাধীন ছিল এবং উভয় মামলায় একই ধরনের আদেশ দেওয়া হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২০ সালের ৯ মার্চ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে শরিফুল ইসলাম বুলেনকে আটক করে ইয়াবা ও হেরোইন জব্দ করেন। এ ঘটনায় এসআই ফারুক সরকার মামলা করেন। অন্য মামলায় ২০১৮ সালের ৩০ জানুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সোহেল রানা সুমনের কাছ থেকে ভারতীয় তৈরি চেতনানাশক ইনজেকশন জব্দ করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই দণ্ড দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।