ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রীকে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেছে সরকার। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এই সেবার উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই নেটওয়ার্ক বিস্তৃত, যার আওতায় রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক, ভিআইপি, ভিভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, ২৫০টি এক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি এক্সেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি এক্সেস পয়েন্টে একসঙ্গে ১৫০ জন ব্যবহারকারী সংযুক্ত হতে পারবেন, ফলে মোট প্রায় ৩৭ হাজার ৫০০ জন যাত্রী একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পুরো সিস্টেমটি ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতায় পরিচালিত হচ্ছে।
২৬ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবায় ইতিমধ্যে প্রায় ২০ হাজার যাত্রী অংশ নিয়েছেন এবং ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহার হয়েছে। মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগে দেশি-বিদেশি যাত্রীদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ ও যোগাযোগ আরও সহজ হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।