পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোববার কলকাতায় বলেছেন, কথিত ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ ঠেকাতে তাঁর সরকার আগামী ছয় মাসের মধ্যে কঠোর আইন করবে। তিনি উত্তরাখণ্ড ও গুজরাটের অনুসরণে রাজ্যে অভিন্ন দেওয়ানি আইন বা ইউসিসি কার্যকর করার ঘোষণাও দেন।
অধিকারী বলেন, সরকার সংবিধান অনুযায়ী পরিচালিত হবে এবং ভারতীয় সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, মন্দির, মঠ ও ঐতিহাসিক ঐতিহ্যের ওপর কোনো আক্রমণ বরদাশত করা হবে না। তিনি কথিত দেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের বিষয়ে সব সম্প্রদায়ের জন্য অভিন্ন আইন প্রণয়নের খসড়া পর্যালোচনায় সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ইউসিসি বাস্তবায়ন বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল। ধর্মীয় পর্যটন প্রকল্পে আগামী দুই বছরে ১ হাজার কোটি রুপি বরাদ্দের কথা জানান অধিকারী। তিনি হনুমান চালিসা ও গীতা পাঠের আয়োজনের পরিকল্পনার পাশাপাশি আগামী বছরের গঙ্গাসাগর মেলার জন্য আন্তর্জাতিক মানের সুবিধা তৈরির প্রস্তুতির কথাও বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।