চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া নারী-শিশুসহ ২০ জনকে শনিবার দুপুরে ফেরত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুই দেশের পতাকা বৈঠকের পর এই ফেরত প্রক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বিএসএফ ওই ২০ জনকে চৌকা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তারা শূন্যরেখায় অবস্থান নেয়। পরে দুই দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয় এবং বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে পুশইন ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।