পশ্চিমমধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হচ্ছে বলে বুধবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে চার দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুপুর ১২টায় আকভান চট্টগ্রাম বন্দর থেকে ১,২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১,১৩৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১,১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে একটানা সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার; দমকা বা ঝড়ো হাওয়ায় তা ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ ছিল।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে গিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে মধ্যাঞ্চল ও রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।