মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে ফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর বেশি অর্থ আদায় করা যাবে না। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নির্দেশনা অনুযায়ী, ডিমান্ড লেটারে উল্লিখিত কর্মীসংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ দিতে হবে; তবে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। নিজস্ব সিদ্ধান্তে বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে স্লিপ ইস্যু করা নিষিদ্ধ। প্রতিটি সেন্টারকে দৈনিক পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন সংরক্ষণ করে অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিবেদনে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর ও ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।
ইচ্ছাকৃতভাবে কাউকে আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা করানো, ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থও নেওয়া যাবে না। বাংলাদেশে ফিট ঘোষিত কর্মী মালয়েশিয়ায় নিয়োগের আগে আনফিট হলে সংশ্লিষ্ট সেন্টারকে ফেরত পাঠানোসহ সব ব্যয় বহন করতে হবে। নির্দেশনা ভাঙলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।