এখন টেলিভিশনের চার সাংবাদিককে শোকজ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এনসিপি সতর্ক করে জানায়, পুরোনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারও একই পরিণতি বরণ করবে।
বিবৃতিতে বলা হয়, নতুন সরকার গঠনের এক দিনের মাথায় ঘটে যাওয়া এই ঘটনাগুলো ভবিষ্যতে মত প্রকাশের স্বাধীনতার জন্য অশনি সংকেত বহন করে। এনসিপির দাবি, গণভোট ও সংস্কারের পক্ষে ফেসবুকে মত প্রকাশ করায় সাংবাদিকদের শোকজ করা হয়েছে এবং বাসসের এমডিকে অপসারণের জন্য একধরনের মব সৃষ্টি করা হয়েছে। দলটি অভিযোগ করে, গণমাধ্যমের মালিকদের চাপ ও দলীয় আনুগত্যসম্পন্ন সাংবাদিকদের নিয়োগের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হয়েছে।
এনসিপি অবিলম্বে শোকজপ্রাপ্ত সাংবাদিকদের কর্মস্থলে ফিরিয়ে আনা এবং বাসস সম্পাদককে স্বপদে বহাল রাখার দাবি জানায়, যাতে মত প্রকাশের গণতান্ত্রিক ধারা বজায় থাকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।