সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বৃহস্পতিবার জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে ঘটনাটি তোলার পর মন্ত্রী বক্তব্য দিতে দাঁড়ালে বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ শুরু হয়।
মন্ত্রী জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে তাবাসসুমের একটি পুরোনো ও পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং ও মিটার পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগানো হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার হাতে থাকা তথ্য-উপাত্ত ও ছবি নিয়ে বক্তব্য শুরুর সময় বিরোধী সদস্যরা হইচই করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারবার সদস্যদের শান্ত হতে বলেন এবং হান্নান মাসুদকে বসতে সতর্ক করেন। দফায় দফায় হস্তক্ষেপের পর অধিবেশন কক্ষের পরিস্থিতি কিছুটা শান্ত হলে কার্যক্রম আবার স্বাভাবিক হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।