মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে। সংগঠনটির ৩২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা করায় মতপ্রকাশকারীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়ার অভিযোগ তুলে এটিকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।
অধিকার বলেছে, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। তাদের ভাষ্য, এসব আইনে শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন তদন্তের ক্ষমতা রহিত করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে জেলে মিরাজ শেখ গুমের শিকার হন এবং তিনি এখনো ফিরে আসেননি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
র্যাবের নাম বদলে একই কাঠামো রেখে এসআরবি গঠন করা হয়েছে জানিয়ে অধিকার আশঙ্কা করেছে, এতে অতীতের মতো মানবাধিকার লঙ্ঘন হতে পারে। সংগঠনটি চিহ্নিত গুরুত্বপূর্ণ আইনগুলো অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছে। অধিকার বলেছে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের আপসহীন লড়াই অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।