আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়। খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাই অপরিবর্তিত রয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির তথ্য তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতভাবে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত হয়।
ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশে পুনঃসমন্বয় না হওয়ায় আমদানি ও স্বাভাবিক সরবরাহ বজায় রাখা কঠিন হচ্ছিল। রমজান সামনে রেখে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা এবং কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।