ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। আইজেনকোটের দল ইয়াশার শনিবার এ তথ্য জানায়। রোববার থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। অক্টোবরে নির্বাচনে কোনো পক্ষ সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত সরকার গঠনের সময় আছে।
ইয়াশার বলেছে, নতুন সরকারে সর্বোচ্চসংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আন্তরিক অঙ্গীকার থেকেই এই উদ্যোগ। দলটির প্রধান আইজেনকোট তার আলোচক দলকে লিকুদ প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক ও দীর্ঘ আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। সরকার গঠনের সব সম্ভাবনা কাজে লাগানো এবং প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছাতে কোনো চেষ্টা বাদ না দেওয়ার কথাও জানিয়েছে দলটি।
নেতানিয়াহুবিরোধী শিবিরে জোটের ধরন নিয়ে মতপার্থক্যের মধ্যেই এ ঘোষণা আসে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকোটের নেতৃত্বে জায়নবাদী ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়াহু বা তার জোটে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। আইজেনকোটও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ না দেওয়ার কথা বলেছেন এবং বৃহত্তর ঐকমত্য ব্যর্থ হলে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকারের প্রস্তাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।