আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, বহুল আলোচিত শহীদ আবরার ফাহাদ, বিশ্বজিৎ দাস এবং মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে।
মন্ত্রী বলেন, বাধা ও ঝড়ের মধ্যেও সরকার ন্যায়বিচারের পথেই চলবে। গত ১৬ থেকে ১৭ বছরে যারা হারিয়ে গেছেন, জীবন দিয়েছেন, গুম হয়েছেন কিংবা রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়বদ্ধতা বলে তিনি উল্লেখ করেন। শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্তও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে প্রয়োজনীয় দল পাঠানোর কথাও বলেন আইনমন্ত্রী। তিনি রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির উদাহরণ তুলে ধরেন। বিরোধীদলীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ওপর হামলার বিষয়টিও সরকার গুরুত্বসহকারে দেখবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।