স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল আরবান ফোরাম-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, নগরায়ণকে কেবল বড় ভবন, সড়ক, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হিসেবে দেখা যাবে না। নগরের মানুষের জীবনযাত্রার মান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই নগর উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত। পরিকল্পনা প্রণয়নের সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।
মঈন খান বলেন, বিত্তবানরা নিজেদের অনেক প্রয়োজন পূরণ করতে পারলেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর জোর দেন। স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ফোরামে পল্লী এলাকার আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা ও নগরসেবা নিয়ে আলোচনা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।