১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে বিজয়ী ঘোষিত মির্জা আব্বাসের শপথ স্থগিতের আবেদন জানিয়েছেন। শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা আবেদনটি রোববার নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে তিনি ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার আবেদনে ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মে জড়িত ছিলেন। তার দাবি, সংশ্লিষ্ট প্রিসাইডিং ও রিটার্নিং অফিসাররাও এসব অনিয়মে সম্পৃক্ত ছিলেন, যার ফলে তাকে বিজয়ী ঘোষণা না করে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি নির্বাচন কমিশনের কাছে এসব অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।