তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় তাঁকে প্রত্যর্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বলেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ থাকায় তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে, যা জনমনে ভয় তৈরি করছে।
তিনি জানান, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং দুষ্কৃতকারীরা বিচারের আওতায় এলে এসব ঘটনা কমে। পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, একটি ল’ ফার্ম দিল্লিতে চিঠি পাঠালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের আবেদন করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় কার্যকর রয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ যথাসময়ে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।