হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনা উদ্ধারের ঘটনায় ফ্লাইটটি পরিচালনায় যুক্ত সবার তালিকা চেয়েছে পুলিশ। সোমবার বিমান কর্তৃপক্ষকে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে পুলিশ বিমানটি সরেজমিন পরিদর্শনের অনুমতিও চেয়েছে। তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক শরিফ হোসেন জানান, পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ারিং ও ক্লিনার সেকশনের সবার নাম চাওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স ব্যবহার করে কারা সোনা চোরাচালান করছে তা উদ্ঘাটনে সর্বোচ্চ তৎপরতা চলছে। ভেতরের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারও নাম প্রকাশ করা হবে না। তালিকা পাওয়া মাত্রই জিজ্ঞাসাবাদ শুরু হবে। ২ জুলাই দুবাই থেকে আসা ফ্লাইটের কার্গো হোল্ড থেকে যৌথ বাহিনীর অভিযানে ১৮ কেজি ৭২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
মার্চ মাসেও একই কায়দায় প্রায় ১৮ কেজি সোনা উদ্ধার হয়েছিল। পরপর দুটি ঘটনার সাদৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, একই চক্র একই ফ্লাইট ব্যবহার করে সোনা পাচারের চেষ্টা করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।