Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার এই গ্রেপ্তারকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিমানবন্দরে দীর্ঘদিন ধরে লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সংকট এবং যাত্রী হয়রানির অভিযোগ রয়েছে; বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নানা ভোগান্তির শিকার হন। তালুকদারের অভিযোগ, বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন ওঠায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে আইনের প্রয়োগে ভিন্ন আচরণ হলে তা আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি হবে বলেও তিনি মন্তব্য করেন।

লেবার পার্টি মামলার অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। তাদের মতে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্তে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি লাগেজ-ট্রলি সংকট, যাত্রী হয়রানি, ব্যবস্থাপনার দুর্বলতা এবং সম্ভাব্য অনিয়ম বা দুর্নীতির বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। দলটি সরকারের কাছে মামলা পুনর্বিবেচনা করে আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।