মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, ২০ দফা পরিকল্পনার অধীনে ইসরাইল প্রতিশ্রুতি পূরণ না করলে গাজার দায়িত্ব আবার জাতিসংঘের হাতে দেওয়া হতে পারে। হোয়াইট হাউসে কাজের অভিজ্ঞতাসম্পন্ন পরিষদ উপদেষ্টা জশ গ্রুয়েনবাম ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে এ কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের পরও নেতানিয়াহুর প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইল ব্যর্থ হয়েছে।
গ্রুয়েনবাম বলেন, পরিষদ ধৈর্য দেখিয়েছে এবং ইসরাইলকে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছে, কিন্তু অগ্রগতি হয়নি। তিনি বলেন, ইসরাইলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব প্রতিশ্রুতি রাখতে না চাইলে তা পরিষদকে জানানো উচিত; সে ক্ষেত্রে গাজার চাবি জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু সরকারের ভেতরের কিছু রাজনৈতিক পক্ষ অগ্রগতিতে বাধা দিচ্ছে এবং এতে হামাস প্রতিশ্রুতি রাখবে কি না তা যাচাইয়ের সুযোগও মিলছে না।
গত সপ্তাহে ইসরাইল সফর করা পরিষদ সদস্যদের একটি উপস্থাপনায় পরিকল্পনা পরিত্যক্ত হলে কয়েকটি বিকল্প পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন ও কংগ্রেসের নতুন পুনর্গঠন পরিকল্পনা, নিরাপত্তা পরিষদের মাধ্যমে জাতিসংঘের দায়িত্ব নেওয়া, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, হামাসের পুনর্নিয়ন্ত্রণ এবং গাজার জনগণের প্রশাসনিক ও মানবিক ব্যয়ের সম্পূর্ণ দায় ইসরাইলের ওপর পড়া। উপস্থাপনায় বলা হয়, হামাস গত জুলাইয়ে পরিকল্পনাটি গ্রহণের কথা জানিয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।