ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কোনো পুনর্গঠন কার্যক্রম শুরু হবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সামরিক অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ মন্তব্য করেন। একই দিনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘শান্তি বোর্ড’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত অক্টোবরে গাজায় দুই বছরব্যাপী যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এই বোর্ড গঠন করা হয়। প্রথম বৈঠকে প্রায় দুই ডজন বিশ্বনেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন। বৈঠকে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পর্ষদের সামনে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি হলো হামাসের ভবিষ্যৎ।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং হামাসের ওপর অস্ত্র ত্যাগের চাপ বাড়ছে। ইসরাইল কঠোর বিধিনিষেধের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে হামাসের কাছ থেকে ব্যক্তিগত ছোট আগ্নেয়াস্ত্র পর্যন্ত জব্দ করার বিষয়ও রয়েছে। তবে গাজার প্রশাসনিক কমিটি কীভাবে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পরিচালনা করবে, তা এখনো স্পষ্ট নয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।