ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক এবং অন্যান্য আইসিটি ডিভাইসের নিরাপত্তা ও কর্মক্ষমতা বাড়াতে ১০ দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ৩০ জুলাই ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি সংস্কার বোর্ডকে বলা হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয় এ বিষয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লাইসেন্সপ্রাপ্ত ও হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার, নিরাপদ ব্রাউজারের সর্বশেষ সংস্করণ চালু এবং পুরোনো বা অনিরাপদ ব্রাউজার এড়িয়ে চলার কথা বলা হয়েছে। স্বয়ংক্রিয় ভূমিসেবা সফটওয়্যার নির্বিঘ্নে চালাতে প্রয়োজন হলে র্যাম, স্টোরেজ ও প্রসেসরসহ হার্ডওয়্যার উন্নয়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় রাউটার, সুইচ ও ওয়াই-ফাই ডিভাইসের ফার্মওয়্যার হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড এবং ডিফল্ট লগইন তথ্য পরিবর্তনের কথা রয়েছে। নিয়মিত সফটওয়্যার আপডেট, ব্যাকআপ, বহুমাত্রিক পরিচয় যাচাইকরণ, ডিভাইসের শারীরিক নিরাপত্তা ও ইউএসবি ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বাড়ানো এবং প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা দ্রুত কারিগরি কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।