Web Analytics

সুদান অভিযোগ করেছে, ইথিওপিয়া পশ্চিমাঞ্চলের আসোসা সামরিক ঘাঁটি ব্যবহার করে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এবং বিদেশি যোদ্ধা ও ভাড়াটে সেনাদের সুদানে প্রবেশে সহায়তা করছে। শনিবার পোর্ট সুদানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ তোলে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুআবিয়া ওসমান খালিদ বলেন, আসোসা ঘাঁটি বিদ্রোহী মিলিশিয়াদের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সুদানে ড্রোন হামলা চালাতে ইথিওপিয়ার সামরিক ঘাঁটি ও ভূখণ্ড উৎক্ষেপণস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইথিওপিয়া বা আরএসএফের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে আদ্দিস আবাবা আরএসএফকে সহায়তা ও নিজ ভূখণ্ড থেকে ড্রোন হামলার সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছিল।

খালিদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন হামলা বেড়েছে এবং বিদ্যুৎকেন্দ্র, পানির স্থাপনা, স্কুল, হাসপাতাল ও জ্বালানি স্টেশন লক্ষ্যবস্তু হয়েছে; এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। তিনি বলেন, সুদান কূটনৈতিক উদ্যোগ চালিয়ে গেলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী হামলার জবাব দেওয়ার অধিকার রাখে। বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকেরা সুদানের ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলে তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।