Web Analytics

খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্য নিয়োগে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২০ আগস্ট গঠিত এসব পরিষদ ভেঙে অবিলম্বে সরাসরি ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পরিষদ গঠনের দাবি করেছে দলটি। বুধবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এনসিপির ভাষ্য, তিন পরিষদে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক মত, সামাজিক শক্তি ও রাজনৈতিক পরিচয়ের বাইরের জনগণের প্রতিনিধিত্ব কার্যত নেই। দলটি বলেছে, একতরফা রাজনৈতিক প্রতিনিধিত্ব পরিষদগুলোর নিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক চরিত্র ও জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। পার্বত্য জেলা পরিষদ কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক প্রতিষ্ঠান নয়, বরং জনগণের প্রতিষ্ঠান বলেও উল্লেখ করা হয়। বৈচিত্র্যময় ও সংবেদনশীল পার্বত্য অঞ্চলে অতিরিক্ত রাজনৈতিকীকরণ উন্নয়ন বাধাগ্রস্ত এবং বৈষম্য ও অবিশ্বাস বাড়াতে পারে বলে সতর্ক করেছে এনসিপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৯ সালের পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়নের পর ওই বছর একবার নির্বাচন হলেও দীর্ঘদিন নিয়মিত প্রত্যক্ষ নির্বাচন হয়নি। বিভিন্ন সময়ে সরকার মনোনীত বা অন্তর্বর্তী পরিষদ এসব প্রতিষ্ঠান পরিচালনা করেছে। নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থায় দলীয় আনুগত্যের বদলে যোগ্যতা, নিরপেক্ষতা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।