আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার গুলশানে পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় মেডিক্যাল ট্যুরিজম, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও স্থান পায়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচিত হয়। হাইকমিশনার তাঁর বাসভবনে অগ্নিকাণ্ডের পর পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া ও সহমর্মিতা জানানোর জন্য এবি পার্টির নেতাদের ধন্যবাদ জানান।
ইমরান হায়দার বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, দেশটির মানুষের আতিথেয়তা এবং দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা ও শিক্ষা খাতে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় এবং সম্ভাবনাময় খাতে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের আশা প্রকাশ করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।