বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় এলে দেশে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। শুক্রবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনি প্রচারণার জনসভায় তিনি বলেন, সাধারণ মানুষ ও রাষ্ট্রপতির জন্য একই আইন প্রযোজ্য হবে। তিনি জানান, জামায়াত নিজের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চায় এবং সবার অংশগ্রহণে ন্যায়ভিত্তিক দেশ গড়তে চায়।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ বৈষম্য ও শোষণের রাজনীতি করেছে এবং সরকার পরিবর্তন হলেও জাতির ভাগ্য বদলায়নি। তিনি দাবি করেন, জামায়াত দেশের সবচেয়ে নিপীড়িত দল হলেও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করেনি।
তিনি আরও জানান, ১১ দলীয় জোট বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং দুর্নীতির মূলোৎপাটনে কাজ করবে। অনুষ্ঠানে জামায়াত ও সহযোগী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।