দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে শুক্রবার সকালে এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে, বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন এলাকায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি খনিতে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। জাকারিয়া নয়ন বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ আগে ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন। ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়িত হলে একই ধরনের পরিস্থিতি যাতে না হয়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জাকারিয়া নয়ন বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লাখনির মুখ রয়েছে এবং সেখান থেকেই কয়লা উত্তোলনের দাবি জানান তিনি। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় খনিটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ চান তিনি। জাকারিয়া নয়ন ছাড়াও আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেন ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লাখনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।