এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে এবং পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে এবং আদালতের রায় ও জামিনের সিদ্ধান্ত ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়।
হাসনাত বলেন, সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে, যা আওয়ামী লীগের অতীত আচরণের পুনরাবৃত্তি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আশা ছিল পুলিশ জনগণের বাহিনী হবে, কিন্তু এখন তারা সরকারের সমর্থক হিসেবে কাজ করছে। সংবাদ সম্মেলনে এনসিপি নেতা তারেক রেজা ও রিফাত রশিদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন এবং রাজনৈতিক দমননীতির প্রতিবাদ জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।