দেশের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত অস্ত্র ও গোলাবারুদ বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশের দ্বিতীয় অর্ডন্যান্স উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার বিটিএমসির কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমি ও স্থাপনা হস্তান্তর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ পরিকল্পনার কথা জানান।
দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমি ও স্থাপনায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির সম্প্রসারণ হিসেবে কারখানাটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার-ভিডিপি এবং অন্যান্য নিরাপত্তা ও আধা-সামরিক বাহিনীর প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেনাপ্রধান বলেন, শুধু বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি করে যুদ্ধ পরিচালনা সম্ভব নয়।
পাহাড়ঘেরা অবস্থান, চট্টগ্রাম সমুদ্রবন্দরের নৈকট্য এবং সড়ক ও রেল যোগাযোগের সুবিধার কারণে ফৌজদারহাটকে বেছে নেওয়া হয়েছে। গত ১ জুলাই অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতীকী মূল্যে জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরে নীতিগত অনুমোদন দেয়। রপ্তানি পর্যায়ে যেতে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, গবেষণা, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ প্রয়োজন হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।