বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার, ১০ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী এবং নিয়োগে স্বচ্ছতা প্রত্যাশীরা অংশ নেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যান। অংশগ্রহণকারীরা মেধার মূল্যায়ন, এনটিআরসিএ বহাল রাখা এবং শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বন্ধের দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের ভাষ্য, এনটিআরসিএ দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে প্রক্রিয়াটি ফিরলে স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করেন। সমাবেশ থেকে সংশ্লিষ্টদের মতামত নেওয়া এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের আহ্বান জানানো হয়। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।