চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট ভাড়া জনপ্রতি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করার প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। গত সোমবার উপজেলা প্রশাসনের আয়োজিত উন্মুক্ত আলোচনায় তার প্রস্তাবের পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশাসন জানায়, নতুন ভাড়া কার্যকর হবে, তবে সচেতন মহল ও অনলাইন অ্যাক্টিভিস্টরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সভায় মালিকপক্ষ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবি জানালে আলমগীর ঠাকুর ৩০০ টাকার প্রস্তাব দেন। তিনি বলেন, মালিকরা ৩৫০ টাকা চেয়েছিল, তাই তিনি উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় প্রস্তাব দিয়েছেন। আদিল এন্টারপ্রাইজের মালিক জগলুল হোসেন নয়ন জানান, তেল ও যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় ব্যবসা টিকছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, সভায় সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
তবে শতাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট প্রশ্ন তুলেছেন, বিআইডব্লিউটিএ-এর অনুমোদন ছাড়া স্থানীয়ভাবে ভাড়া বাড়ানোর অধিকার কারো আছে কি না। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানিয়েছেন, সন্দ্বীপবাসীর স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং বিষয়টি নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে আলোচনায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।