সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জীবিকা বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় শত শত নারী বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বনজীবী পরিবারের সদস্য, গৃহবধূ, নারী ও কিশোরীরা খালি থালা ও কলস হাতে অংশ নেন। তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, দস্যু আতঙ্কে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না, ফলে উপার্জনের পথ বন্ধ হয়েছে। অনেক ঘরে খাবার নেই, চুলায় আগুন জ্বলছে না এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ময়না খাতুন জানান, তাঁর বাড়িতে দুই দিন ধরে রান্না হয়নি। অংশগ্রহণকারীরা বলেন, অর্থাভাবে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে।
তারা অবিলম্বে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান, দস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমানসহ অন্যরা কর্মসূচিতে সংহতি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর অভিযান শুরু না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।