ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে প্রায় ৮ হাজার সেনা, যুদ্ধবিমান স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর স্বাক্ষরিত গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে। এতে ১৬টি জেএফ-১৭ যুদ্ধবিমান, দুটি ড্রোন স্কোয়াড্রন এবং চীনা নির্মিত এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এসব সরঞ্জাম পরিচালনা করছে পাকিস্তানি সামরিক সদস্যরা, আর অর্থায়ন করছে সৌদি আরব।
সূত্র অনুযায়ী, প্রয়োজনে আরও সেনা পাঠানোর সুযোগ রয়েছে, কারণ চুক্তিতে সর্বোচ্চ ৮০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েনের অনুমতি রয়েছে। বর্তমানে মোতায়েনকৃত বাহিনীর প্রধান দায়িত্ব প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, যদিও পূর্ববর্তী চুক্তির আওতায়ও সৌদিতে পাকিস্তানের যুদ্ধসক্ষম সেনা অবস্থান করছিল। চুক্তিতে পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ও অন্তর্ভুক্ত, তবে সেগুলো পৌঁছেছে কি না তা নিশ্চিত নয়।
রয়টার্স জানায়, এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান প্রতীকী সহায়তার বাইরে গিয়ে সৌদিতে কার্যকর সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে, যা সাম্প্রতিক ইরান-সৌদি উত্তেজনার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।