যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করতে ‘রেডি ফর এওসি’ নামে স্বেচ্ছাসেবীভিত্তিক প্রচার শুরু করেছেন। সংগঠনটি সোমবার এ উদ্যোগের ঘোষণা দেয়। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বামপন্থি ও প্রগতিশীল রাজনীতির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার প্রেক্ষাপটে এই প্রচার শুরু হলো।
সংগঠনটির লক্ষ্য যুক্তরাষ্ট্রজুড়ে ১০ হাজার স্থানীয় নেতা ও কমিউনিটি সংগঠককে যুক্ত করা এবং ওকাসিও-কর্টেজের সম্ভাব্য প্রার্থিতার সমর্থনে অন্তত ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। তাদের ভাষ্য অনুযায়ী, ৩৫টি অঙ্গরাজ্যের ৫০০ জনের বেশি স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা ইতোমধ্যে উদ্যোগে যুক্ত হয়েছেন। মুখপাত্র রবি সাহাই বলেন, তিনি নির্বাচনে নামার সিদ্ধান্ত নিলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী আন্দোলনের কাঠামো গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।
ওকাসিও-কর্টেজ জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তিনি নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে লড়া বা প্রতিনিধি পরিষদে থাকার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তাকে প্রার্থী করতে আরও কয়েকটি সংগঠন কাজ করছে। একই সময়ে ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল কংগ্রেস সদস্য রো খান্নার সমর্থকেরাও তার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য একই ধরনের সংগঠন গড়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।