Web Analytics

ভারতে পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে দেশের সব ধরনের গণমাধ্যমের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানায়। আহ্বানটি টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রাইব্যুনাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিটিআরসিকে তাঁর আগের বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরানো, বন্ধ করা এবং নতুন করে প্রচার বা প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকে এ ধরনের বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে।

সরকার বলেছে, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা মানলেও অন্য কিছু প্রতিষ্ঠান এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে, যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যারা এ ধরনের প্রচার থেকে বিরত রয়েছে, তাদের সরকার ধন্যবাদ জানিয়েছে। জাতীয় ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সব গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।