বগুড়ার শেরপুরে স্ত্রী তালাক দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে বিষাক্ত ঘাসমারা ওষুধ সেবন করা কলেজছাত্র তামিমের মৃত্যু হয়েছে। ১৯ বছর বয়সী তামিম শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং বগুড়া শাহসুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টা ২০ মিনিটে তিনি মারা যান।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেন। এই ঘটনায় তামিম মানসিকভাবে ভেঙে পড়েন বলে সূত্রগুলো জানিয়েছে।
গত ২৬ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরে বিষাক্ত ঘাসমারা ওষুধ সেবন করেন তামিম। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান হাসপাতালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।