বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং কোম্পানি সচিব পদে নিয়োগের নতুন যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে। ১ হাজার কোটি টাকার বেশি সম্পদ থাকা প্রতিষ্ঠানে সিএফও নিয়োগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। সিটিও ও কোম্পানি সচিব পদে প্রয়োজন হবে আট বছরের অভিজ্ঞতা।
সার্কুলার অনুযায়ী, প্রার্থীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে। ফৌজদারি অপরাধে দণ্ডিত, নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনে শাস্তিপ্রাপ্ত, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত ব্যক্তিরা এসব পদে অযোগ্য হবেন। আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত ব্যক্তিও নিয়োগ পাবেন না।
সিএফও প্রার্থীর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং নির্ধারিত ফাইন্যান্স, হিসাববিজ্ঞান বা ব্যাংকিং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সিটিওর তথ্যপ্রযুক্তিতে আট বছরের, যার মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কোম্পানি সচিবের বোর্ড সচিবালয় বা কমপ্লায়েন্সে নির্ধারিত অভিজ্ঞতা এবং আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি লাগবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।