বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর রাজনৈতিক বিবেচনার বদলে পেশাগত যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের আহ্বান জানিয়েছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, গভর্নরের দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। রাজনৈতিক বা অন্য অযাচিত চাপ ছাড়া নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ গভর্নরকে দিতে হবে, তবে এই স্বাধীনতা জবাবদিহির বাইরে নয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারত্ব নিশ্চিত করার কথা বলেন তিনি।
সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মনসুর। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, যথাযথ যাচাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব ও পরিচালনা পর্ষদের চাপ ব্যাংকিং সমস্যার কারণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহি, ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই এবং সমন্বিত সংস্কার রোডম্যাপের ওপর জোর দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।