জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে সেক্টর-১২-এর শাহ মাখদুম অ্যাভিনিউয়ের লাভলীন কনভেনশন হলে অনুষ্ঠানটি হয়। সেলিম উদ্দিন বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও যুগোপযোগী সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী অল্প সময়ের মধ্যেই ঝরে পড়ছে। বিশ্বের অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পুরোনো ধাঁচের শিক্ষা বদলে প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার কথা বলেন তিনি।
তিনি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষার ওপর জোর দেন। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে মূল্যবান পণ্য তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরে তিনি কার্যকর উদ্যোগের আহ্বান জানান। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।