বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন করে শুল্ক আরোপ করেনি; আগের আরোপিত শুল্কই ভিন্ন নামে পুনঃস্থাপন করা হচ্ছে। শুক্রবার সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ শুল্ক নিয়ে আলোচনায় প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
মন্ত্রী জানান, আগে আরোপিত শুল্ক আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হবে। সেই মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটিকে নতুন শুল্কারোপ না বলে রিপ্লেসমেন্ট বা পুনঃস্থাপন বলা যায়। তিনি আরও বলেন, শুক্রবার রাত ১২টার পরও আগের শুল্কই বহাল থাকবে, তবে তা ভিন্ন নামে কার্যকর হবে।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত বিনামূল্যের মেডিক্যাল, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্প উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন। এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৬০ দেশ থেকে যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ আসে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।