সাবেক ইরাকি সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার ও হস্তান্তরের জন্য সিরিয়ার কাছে অনুরোধ জানিয়েছে লেবানন সরকার। চলতি সপ্তাহের শুরুতে বৈরুতের তারিক আল-জাদিদেহ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হয়নি।
লেবাননের একটি বিচার বিভাগীয় সূত্র এএফপিকে জানায়, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তদন্তকারীরা দামেস্কের কাছে থাকা দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার ও হস্তান্তরের অনুরোধ করেছেন। এ ঘটনায় এক লেবানিজ নাগরিককেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রধান কৌঁসুলি বিচারক আহমেদ রামি আল-হাজ্জ তদন্ত তদারক করছেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা তদন্ত পরিচালনা করছে।
তদন্তকারীরা সম্ভাব্য আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন, যদিও প্রকৃত উদ্দেশ্য অজানা। ৫ নভেম্বর এরবিল থেকে বৈরুতে পৌঁছে আল-আলওয়ানি হোটেল ত্যাগ করেন এবং সঙ্গে থাকা ব্যক্তিরা সিরীয় উচ্চারণে কথা বলছিলেন বলে কর্মীরা জানিয়েছেন। ইরাকের প্রেসিডেন্ট দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন এবং ইরাকি দূতাবাস লেবাননের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।