চিকিৎসার প্রয়োজনে বারবার থাইল্যান্ডে যেতে হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। বিদ্যমান চমৎকার বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশি নাগরিক ও চিকিৎসা ভিসা আবেদনকারীদের প্রতি থাইল্যান্ডের উদার সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত জানান, যেসব রোগীর এ ধরনের ভিসা প্রয়োজন তাদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে। হুমায়ুন কবির আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ ও আরসিইপিতে যোগদানের আকাঙ্ক্ষায় থাইল্যান্ডের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের সহযোগিতা চান; রাষ্ট্রদূত অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।