জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়। সম্মেলনে হাজারো মানুষ অংশ নেন এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পরে দেশি-বিদেশি আলেমদের আলোচনা ও দস্তারবন্দি পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহি মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততা, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, আখলাক, নবীজীবনের আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণ নিয়ে আলোচনা করেন।
গত সোমবার, ২৩ নভেম্বর, শুরু হওয়া এ সম্মেলনের প্রথম দিনে মুফতি মুহাম্মদ তাকি উসমানী ভার্চুয়ালি বক্তব্য দেন এবং তিন হাজার ফারেগকে পাগড়ি দেওয়া হয়। শেষ দিন বুধবার বাদ মাগরিব দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বিশেষ বয়ান করবেন। ৪৫০ টাকা নির্ধারিত মূল্যের স্মারকগ্রন্থের প্রথম কপি প্রথম দিন নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।