সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, পরিচয়, সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে জাল নথি তৈরি এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। ১২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানোরা হলেন ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসি, মীর তৌহিদুল ইসলাম, বকুল মন্ডল ও রফিকুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দপ্তরের একটি চিঠির সূত্র ধরে জালিয়াতির বিষয়টি পুলিশের নজরে আসে।
অভিযোগ অনুযায়ী, মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো একটি খামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ও খাম ব্যবহার করা হয়েছিল। খামটির ভেতরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাক্ষরসংবলিত বিভিন্ন নথি ছিল। নথির সত্যতা নিয়ে সন্দেহ হলে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তদন্ত করে। ৫ আগস্ট রমনা থানায় মামলা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক রায়হানুর রহমান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।