তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
মন্ত্রী বলেন, চলচ্চিত্র ও সৃজনশীল শিল্প সভ্যতার গুরুত্বপূর্ণ সফট পাওয়ার, যা সমৃদ্ধ করতে শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের ভূমিকা অপরিহার্য। তিনি জানান, সরকার চলচ্চিত্র শিল্পের নীতিনির্ধারণে অংশীজনদের মতামত ও জাতীয় ঐকমত্যকে গুরুত্ব দেবে। নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে, যা অতীতের বিতর্ক থেকে ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে।
তিনি আরও জানান, আগামী বাজেটে চলচ্চিত্রে অনুদান বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র দ্রুত শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একক সিনেমা হল টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্যও সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।