উত্তর প্রদেশের সহারনপুরের সার্কিট হাউসে শনিবার সুপ্রিম কোর্টের এক বিচারপতির বদলে ভুল করে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে গার্ড অব অনার দেয় পুলিশ। বিচারপতিকে স্বাগত জানাতে পুলিশ প্রস্তুত ছিল, তবে তিনি পৌঁছানোর আগেই সার্কিট হাউসে আসেন ওয়েইসি। ভুলবশত দেওয়া এই আনুষ্ঠানিক অভ্যর্থনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওয়েইসির সঙ্গে থাকা বিপুলসংখ্যক নিরাপত্তারক্ষী এবং গাড়ির বহর দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিভ্রান্ত হন। তারা ওয়েইসিকেই বিচারপতি বলে ভুল করেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া শুরু করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েইসি অত্যন্ত বিনীতভাবে ওই সম্মান গ্রহণ করেন।
ঘটনাটি নিয়ে প্রোটোকল ব্যবস্থা এবং জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওয়েইসি শনিবার সহারনপুরে গিয়েছিলেন। সেখানে আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদের সঙ্গে তার বৈঠকের কথা ছিল। আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে দুই নেতা জোট গঠন করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।