তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তরুণদের দক্ষতা উন্নয়নের আগ্রহ শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; তা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মেলাটির আয়োজন করে; সহযোগিতা দেয় চাইল্ড ফান্ড কোরিয়া ও এডুকো।
মন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ হলেও কেবল বিদ্যমান চাকরির জন্য জনশক্তি তৈরি যথেষ্ট নয়। নতুন চাকরি সৃষ্টি ও চাকরির বাজার সম্প্রসারণও সমান জরুরি। তাঁর মতে, এসবের ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও উৎপাদননীতি; রাজনৈতিক নেতৃত্ব এবং নীতিনির্ধারণও এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে জ্ঞান ও প্রযুক্তি এনে আধুনিক পোশাকশিল্পের দক্ষতার সঙ্গে জনশক্তিকে যুক্ত করার উদ্যোগের উদাহরণ দেন তিনি। তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে রাষ্ট্র, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ চান মন্ত্রী। দক্ষতা ও কর্মসংস্থানভিত্তিক কারিকুলামে নৈতিকতা, দর্শন এবং রাজনৈতিক-সামাজিক বাস্তবতা অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।