খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশ গঠনে অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে। মঙ্গলবার ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন এলে দেশ উপকৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সারা বছর মানুষের জীবনে বিরাজ করবে। ঐতিহ্যবাহী সেমাই, শিন্নি ও পোলাওসহ ঈদ উদযাপনের সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে সচিব (রুটিন দায়িত্ব) মোঃ ইমাম উদ্দীন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।