কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র উদঘাটন হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের অধীন ৯ বেঙ্গলের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি বসতবাড়ির পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে অস্ত্রগুলো হেফাজতে নেয় এবং সন্দেহভাজন মারুফ হাসান তাহসিনকে আটক করে।
সেনাবাহিনীর তথ্যমতে, মারুফ হাসান তাহসিন ও অজুফা বেগম দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের জেরে ওই এলাকার সাংবাদিক ফরহাদকে মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অস্ত্রগুলো ঘটনাস্থলে রেখে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসিন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অজুফা বেগমের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক ফরহাদ প্রায় দুই বছর ধরে জমি দখল নিয়ে হয়রানি ও হুমকির মুখে ছিলেন। সেনাবাহিনী জানিয়েছে, এ অভিযানে একটি গভীর ষড়যন্ত্র উদঘাটনের পাশাপাশি সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতি আগেভাগেই প্রতিহত করা সম্ভব হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।