রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায় শুক্রবার রাত ১টার দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে অন্তত শতাধিক ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়নের ৭, ৮ ও ২ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আকস্মিক এই দুর্যোগে বহু পরিবার ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয় এবং বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে সুজা মিয়া, রফিকুল, সুমন, জাহানুর, লাভলু মিয়া, রহেল উদ্দিন ও আসেদা বেগমসহ অনেকের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে অনেক ঘরের টিন ঝাঁঝরা হয়ে গেছে, ফলে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্তদের পক্ষে ঘর মেরামত করা কঠিন হবে।
ইউপি সদস্য রেজাউল হক বুলেট জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, দ্রুত ত্রাণ বিতরণ করা হবে এবং যাদের ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।