ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ২০২৫ অর্থবছরে ২৮.৫ মিলিয়ন ডলার নিট লোকসান করেছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৫৫ কোটি টাকা। সংস্থাটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আগের অর্থবছরে ২২.৬ মিলিয়ন ডলার মুনাফা করার পর এক বছরের ব্যবধানে এমন বড় লোকসান ক্যারিবীয় ক্রিকেটের আর্থিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে।
সিডব্লিউআইয়ের আয় ২০২৪ সালের ৮৮.৪ মিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে কমে ৪০.৯ মিলিয়ন ডলারে নেমেছে, যা প্রায় ৫৪ শতাংশ কম। একই সময়ে সংস্থাটির নগদ অর্থ ১৭.৫ মিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১.৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে হাতে থাকা নগদ অর্থের প্রায় ৯০ শতাংশ কমে গেছে।
এই আর্থিক ধাক্কার বড় কারণ হিসেবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ সালে একই ধরনের বড় আয়োজন না থাকাকে উল্লেখ করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজিত ওই বিশ্বকাপ থেকে উল্লেখযোগ্য আয় হয়েছিল, কিন্তু সফর ও টুর্নামেন্ট আয়োজনের ব্যয় কমেনি; বরং বেড়েছে। সিডব্লিউআই ২০২৬ সালে আরও ২৬ মিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা করছে, যদিও ২০২৭ সালে ৮ মিলিয়ন ডলার মুনাফার প্রত্যাশা রয়েছে। ঘাটতি মেটাতে তারা আইসিসির ঋণ ও বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নের ওপর নির্ভর করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।